খাল পাড়ে বড় গর্ত করে ভাঙন সংস্কার

খাল পাড়ে বড় গর্ত করে ভাঙন সংস্কার

ফন্ট সাইজ:

চট্টগ্রামের লোহাগাড়ায় ভাঙন সংস্কারের নামে খালের পাড় কেটে ভাঙন সংস্কার কাজ করার অভিযোগ উঠেছে। এতে ভাঙন ঠেকাতে গিয়ে খালের পাড়ের মাটি কেটে সরিয়ে নেয়ায় বর্ষা মৌসুমে পানির ঢলে ওই অংশে আরও বড় ধরনের ভাঙন সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ফলে ঝুঁকিতে পড়তে পারে আশপাশের সড়ক, কৃষিজমি ও বসতভিটা। জানা যায়, গত বর্ষা মৌসুমে লোহাগাড়া সদর ইউনিয়নের দক্ষিণ লোহাগাড়া জাফর সর্দারের বাড়িঘাটা এলাকায় প্রবল পানির ঢলে সুখছড়ি খালের পাড় ভেঙে যায়। এতে খালের পাড়ের সঙ্গে সড়কের একটি বড় অংশও বিলীন হয়ে যায়।

এতে চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা। বর্তমানে পানি উন্নয়ন বোর্ড ওই স্থানে ২০ মিটার ভাঙন সংস্কারের কাজ করছে। যার বরাদ্দ প্রায় ১৪ লাখ টাকা। স্থানীয়রা জানান, পানি উন্নয়ন বোর্ডের অধীনে সুখছড়ি খালের ভাঙন সংস্কারের কাজ চলছে। তবে অভিযোগ উঠেছে বরাদ্দের অর্থ সাশ্রয়ের জন্য ঠিকাদার ভাঙনস্থলের পাশ থেকেই খালের পাড় কেটে মাটি ও বালি সংগ্রহ করছেন। এতে ওই স্থানে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। ওই কাজের ঠিকাদার নাজিম উদ্দিন জানান, ভাঙন সংস্কারের জন্য নির্ধারিত স্থানে গাড়ি চলাচলের সুযোগ নেই। ফলে কাজের প্রয়োজনীয় মাটি ও বালি পরিবহন করা সম্ভব হচ্ছে না।

এ কারণে ভাঙনস্থলের আশপাশ থেকেই মাটি ও বালি সংগ্রহ করে সংস্কারকাজ করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড পটিয়ার সহকারী প্রকৌশলী মাহবুব হোসেন জানান, ভাঙন সংস্কারের প্রয়োজনীয় মালামাল ঠিকাদারকেই সংগ্রহ ও ব্যবস্থাপনা করবে। আর খালের পাড় কেটে মাটি ও বালি সংগ্রহ না করার জন্য ঠিকাদারকে নির্দেশ দেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজীদ বিন আখন্দ জানান, ভাঙন সংস্কারের জন্য খালের পাড় কাটার কোনো নিয়ম নেই। বিষয়টি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।