মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি ঢালে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের হুক ছিঁড়ে ৭টি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এতে সারা দেশের সঙ্গে সিলেটের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। ?শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে লাউয়াছড়া বনের মাগুরছড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভানুগাছ রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস দুপুর ১টা ৬ মিনিটে ভানুগাছ রেলওয়ে স্টেশন ত্যাগ করে। ট্রেনটি লাউয়াছড়া বনের ভেতরে পাহাড়ি ঢালে ওঠার সময় হঠাৎ ইঞ্জিনের হুক ছিঁড়ে যায়। এতে ট্রেনের পেছন অংশের ৭টি বগি বিচ্ছিন্ন হয়ে পড়লেও ইঞ্জিন একা সামনের দিকে চলে যায়। এবং যাত্রীবাহী বগি বনের মধ্যেই দাঁড়িয়ে পড়ে। এতে ট্রেন যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক, উৎকণ্ঠা এবং বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।
ঘটনার পর থেকেই সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে রেলওয়ের টেকনিক্যাল টিম ট্রেন চলাচল স্বাভাবিক করতে মেরামতের কাজ শুরু করে। এ ঘটনায় ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন ভানুগাছ রেলওয়ে স্টেশনে এবং সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। বিষয়টি নিশ্চিত করে ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাশ পলাশ জানান, লাউয়াছড়া বনের পাহাড়ি ঢালে ওঠার সময় ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনের হুক ছিঁড়ে বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এতে সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। পরে হুক মেরামত করার পর শুক্রবার বিকাল ৫টা ১০ মিনিটে সারা দেশের সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক হয়।
