রাজশাহীর দুর্গাপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুর্গাপুর উপজেলার সাবেক সভাপতি আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে দুর্গাপুর থানা পুলিশের একটি দল উপজেলার হরিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুর্গাপুর উপজেলা শাখার সাবেক সভাপতি এবং দুর্গাপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
জানা গেছে, তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, আলমগীর হোসেন এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত ছিলেন। তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
