চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় আরও কয়েকজন পালিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। শুক্রবার সকাল ১১টায় জোরারগঞ্জ থানায় পুলিশের প্রেস ব্রিফিংয়ে ওসি আবদুল হালিম জানায় গত বৃহস্পতিবার রাতে মিরসরাই-ফটিকছড়ি সড়কের নয়টিলা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলো- ফটিকছড়ি উত্তর উপজেলার বাগানবাজার ইউনিয়নের বাসিন্দা আনোয়ার হোসেন (৩১), ফেনীর বেলায়েত হোসেন (২৮) এবং মিরসরাইয়ের করেরহাট এলাকার মামুন (৩৩)।
জানা গেছে, মিরসরাই-ফটিকছড়ি সড়কের নয়টিলা এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতির ঘটনা ঘটছে। ফলে রাতে ওই সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ডাকাতি প্রতিরোধে স্থানীয়রা বেশ কিছুদিন ধরে রাতের বেলায় এলাকায় পাহারার ব্যবস্থা করে আসছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে নয়টিলা এলাকায় পাহারারত স্থানীয়রা কয়েকজনকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখেন। পরে তাদের ঘেরাও করলে তিনজনকে আটক করা সম্ভব হয়। এ সময় সঙ্গে থাকা আরও কয়েকজন সেখান থেকে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান। খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আটক তিনজনকে থানায় নিয়ে যায়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘খবর পেয়ে বৃহস্পতিবার রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।’
