নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কাপাসকাটিয়া ব্লকের কৃষকদের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সুসং সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের কোনো আমলা যদি ফ্যাসিস্ট রিজমের সঙ্গে মেলাতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, কৃষকদের সরকারি কৃষিসেবা সহজ, স্বচ্ছ ও সরাসরি পৌঁছে দেয়ার লক্ষ্যেই ‘কৃষক কার্ড’ কর্মসূচি চালু করা হয়েছে।
এর মাধ্যমে পর্যায়ক্রমে কৃষি উপকরণ, সরকারি প্রণোদনা ও ভর্তুকি, সেচ সুবিধা, সহজ শর্তে কৃষিঋণ, কৃষি বীমা, প্রশিক্ষণ এবং কৃষিপণ্যের বাজারসংক্রান্ত বিভিন্ন সেবা দেয়ার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী স্বপ্ন ও কৃষকদের নিয়ে বিশেষ পরিকল্পনার এই কৃষক কার্ড নিয়ে যদি কোনো অনিয়মের ঘটনা ঘটে তাহলে আমি নিজে মামলা করবো। অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলার কাপাসকাটিয়া ব্লকের মোট ১ হাজার ৪৬ জন কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেয়া হয়। কৃষিবিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর সারা দেশে ৪৩ লাখ কৃষককে কৃষক কার্ডের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। পাইলট পর্যায়ের এ কর্মসূচিতে দেশের ৫৬টি জেলার ৭৭টি উপজেলা যুক্ত রয়েছে।
