ফরিদপুরের বোয়ালমারীতে নেশাগ্রস্ত স্বামীর কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে এনে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করেছেন এক মা। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার বাইখীর চৌরাস্তা সংলগ্ন বাজারে এ ঘটনা ঘটে। দুধ দিয়ে গোসলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দুধ দিয়ে গোসল করা নারী জুলেখা বেগম (৪৬) উপজেলার বাইখীর গ্রামের মহাশিন মোল্লার স্ত্রী। জানা যায়, বিগত ১৪ বছর আগে তাদের মেয়ে মনিরা খাতুনের (৩০) সঙ্গে সুমন শেখ (৩২) নামে একজনের বিয়ে হয়। জুলেখা বেগমের দাবি, বিয়ের পর থেকেই তার মেয়েকে স্বামী প্রায়ই নির্যাতন ও মারধর করতো। এ ছাড়া, সুমন নেশাগ্রস্ত অবস্থায় তার মেয়েকে মারধর করে বাড়ি থেকে বের করে দিতো। পরে কয়েক দিন আগে কাবিন রেজিস্ট্রারের মাধ্যমে তাদের বিবাহবিচ্ছেদ হয়।
এরপর মেয়েকে স্বামীর
কাছ থেকে ছাড়িয়ে আনার পর শুক্রবার সকালে দুধ দিয়ে গোসল করে তিনি তার দেয়া ওয়াদা পূরণ করেছেন বলে জানান। এ ব্যাপারে মেয়ের বাবা মহাশিন মোল্লা বলেন, বিয়ের পর থেকেই মেয়েকে তার স্বামী নির্যাতন ও মারধর করতো। সে নেশাগ্রস্ত থাকায় মেয়েকে নিয়ে আমরা বিপদে ছিলাম। পরে তাকে ছাড়িয়ে আনা হলে আমার স্ত্রী দুধ দিয়ে গোসল করেন।
