তিন বছরের শিশু সানজিদা ইসলাম সাফিয়া কিডনি রোগে আক্রান্ত। তার দুই কিডনির ছাকনি নষ্ট হয়ে গেছে। গত এক বছর ধরে মেয়ের চিকিৎসা চালাতে গিয়ে জমিজমা ও স্ত্রীর স্বর্ণালংকার বিক্রি, ধার-দেনা করে নিঃস্ব হয়ে পড়েছেন দিনমজুর বাবা শহিদুল ইসলাম। ইতিমধ্যে মেয়ের চিকিৎসায় প্রায় ছয় লাখ টাকা খরচ করেছেন তিনি। এখন চিকিৎসা চালিয়ে নিতে আরও প্রায় পাঁচ লাখ টাকা প্রয়োজন। সানজিদা ইসলাম সাফিয়া যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সোনাতলা এলাকার দিনমজুর শহিদুল ইসলামের মেয়ে। শিশুটির বাবা জানান, গত এক বছর ধরে ঢাকাসহ খুলনা ও দেশের বিভিন্ন হাসপাতালে মেয়ের চিকিৎসা করিয়েছেন। তবে এখনো সে পুরোপুরি সুস্থ হয়নি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, সাফিয়াকে দীর্ঘমেয়াদি চিকিৎসার মধ্যে রাখতে হবে।
চিকিৎসকদের ভাষ্য, শিশুটির সুস্থতার জন্য অন্তত ১৭ বছর পর্যন্ত চিকিৎসা চালিয়ে যেতে হতে পারে। তিনি বলেন, মেয়ের চিকিৎসার জন্য ইতিমধ্যে জমিজমা ও স্বর্ণালংকার বিক্রি করেছেন। এ ছাড়া, ধার-দেনা ও এলাকাবাসীর সহযোগিতায় এ পর্যন্ত প্রায় ছয় লাখ টাকা ব্যয় হয়েছে। বর্তমানে চিকিৎসা চালিয়ে নিতে আরও প্রায় পাঁচ লাখ টাকা প্রয়োজন। এ অবস্থায় অসুস্থ শিশুটির চিকিৎসায় সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রবাসীদের সহযোগিতা কামনা করেছে সাফিয়ার পরিবার।
