পিরোজপুরের নেছারাবাদে স্কুল ফিডিং কর্মসূচির শিশুদের জন্য বরাদ্দ দুধ চুরির অভিযোগ ওঠার পর মো. নাদিম মাহমুদ নামে এক ছাত্রদল নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করে পিরোজপুর জেলা ছাত্রদল। নাদিম উপজেলার ১ নম্বর বলদিয়া ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গত বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদনক্রমে দলীয় প্যাডে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারের বিষয়টি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পিরোজপুর জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালিদ হাসানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেলা শাখার সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একইসঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে বহিষ্কৃত নাদিমের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ বিন্না কাইলান্তরি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গত শুক্রবার স্কুল ফিডিং কর্মসূচির ৩০ প্যাকেট দুধ চুরি হওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি পরবর্তী বুধবার জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। পরে ওই দিন সকালে দুধ চুরির ঘটনায় অভিযুক্ত নাদিম ও তার দুই বন্ধু বিদ্যালয়ে গিয়ে ৩০ প্যাকেটের মধ্যে ২৭ প্যাকেট দুধ ফেরত দেন বলে জানা গেছে। এ সময় নাদিম দুধ নেয়ার বিষয়টি আংশিক স্বীকার করে দাবি করেন, তারা মাত্র তিন প্যাকেট দুধ খেয়েছেন।
