জামায়াতে ইসলামী মুখে সরকারকে সহযোগিতার কথা বললেও তাদের কর্মকাণ্ডে সরকারের কার্যক্রম ব্যাহত করার চেষ্টা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। একইসঙ্গে ইসলামী মূল্যবোধের প্রচার ও প্রসারের ক্ষেত্রে হেফাজতে ইসলাম বাংলাদেশের কাছ থেকে জামায়াতে ইসলামীকে শেখার পরামর্শ দিয়েছেন তিনি। শুক্রবার দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর এলাকায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রাশেদ খান। তিনি বলেন, হেফাজতে ইসলামের আমীর জাতীয় নির্বাচনের আগে ইসলামী মূল্যবোধের বিষয়ে যেসব বক্তব্য দিয়েছেন, তাতে ধর্মীয় পরিচয় ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টার বিষয়ে সচেতনতা তৈরি হয়েছে বলে তিনি মনে করেন। এ জন্য হেফাজত আমীরকে ধন্যবাদ জানান তিনি।
জামায়াতে ইসলামী প্রসঙ্গে রাশেদ খান বলেন, ইসলামী রাজনীতির কথা বলা দলটির উচিত ইসলামী মূল্যবোধের চর্চা ও প্রচারের বিষয়ে হেফাজতে ইসলামের কাছ থেকে শেখা। তার অভিযোগ, জামায়াতের রাজনৈতিক বক্তব্য ও কর্মকাণ্ডের সঙ্গে ইসলামী মূল্যবোধের মধ্যে অসঙ্গতি রয়েছে। রাশেদ খান বলেন, যারা একসঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছে, রাষ্ট্র পুনর্গঠনের ক্ষেত্রে তাদের ঐক্য ধরে রাখা প্রয়োজন। তবে জামায়াতে ইসলামী রাষ্ট্র পুনর্গঠনের পরিবর্তে ক্ষমতায় যাওয়ার রাজনৈতিক কর্মকাণ্ডে বেশি মনোযোগ দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, সরকারকে সহযোগিতা করার কথা বললেও জামায়াতের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।
ডিসেম্বরকে সামনে রেখে সরকারবিরোধী কোনো আন্দোলন হলে তা মোকাবিলায় জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকার কথাও জানান তিনি। শাপলা চত্বরের ঘটনার বিচার প্রসঙ্গে রাশেদ খান বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মী ও মাদ্রাসাশিক্ষার্থীদের ওপর সংঘটিত ওই ঘটনার বিচার করার বিষয়ে বিএনপি সরকারের প্রতিশ্রুতি রয়েছে।
হেফাজতে আমীরের সঙ্গে সাক্ষাতের বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাইতে তিনি বাবুনগর মাদ্রাসায় গিয়েছিলেন। সাক্ষাতে হেফাজতে আমীর প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করেছেন বলেও জানান তিনি। এ সময় চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মুফতি ফয়সাল হাবিব, উপজেলা বিএনপি’র সদস্য সচিব জহির আজম চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহিন ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাহারুল ইসলাম লাভলুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
