কাটছে না চুয়েট সংকট, ছুটির দিনেও শিক্ষার্থীদের বিক্ষোভ

কাটছে না চুয়েট সংকট, ছুটির দিনেও শিক্ষার্থীদের বিক্ষোভ

ফন্ট সাইজ:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শুক্রবার জুমার নামাজের পর দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়। এটি শিক্ষার্থীদের চলমান আন্দোলনের ১১তম দিনের কর্মসূচি। মিছিলটি কেন্দ্রীয় মসজিদ এলাকা থেকে শুরু হয়ে স্বাধীনতা চত্বর ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা ‘ভিসি হিসেবে কাকে চাই, সায়েম স্যারকেই আবার চাই’ এবং ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’সহ বিভিন্ন স্ল্লোগান দেন। মিছিল শেষে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী যুলকারনাইন মিহাদ বলেন, ১১ দিন ধরে তারা আন্দোলন করলেও এখন পর্যন্ত ঊর্ধ্বতন মহল থেকে কোনো সাড়া পাননি।

এর প্রতিবাদেই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তে তারা অটল। দ্রুত প্রশাসন ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে ইতিবাচক সিদ্ধান্ত চান তারা। একই বর্ষের শিক্ষার্থী অরিন্দম দে বলেন, প্রশাসনের নীরবতা ও নিষ্ক্রিয়তার প্রতিবাদে তারা জুমার নামাজের পর মিছিল করেছেন।

দীর্ঘদিন ধরে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। দ্রুত এ পরিস্থিতির অবসান ঘটিয়ে তাদের ক্লাসে ফেরার সুযোগ করে দেয়ার আহ্বান জানান তিনি। শিক্ষার্থীরা জানান, তারা শুরু থেকেই উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবি জানিয়ে আসছেন। এ দাবিতে এর আগে মশাল মিছিল, লাল কার্ড প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়েছে। উল্লেখ্য, গত ২২শে সেপ্টেম্বর থেকে চুয়েটে ‘সর্বাত্মক শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।