পাকা রাস্তা নির্মাণে অনিয়ম, সংবাদ প্রকাশের পর কঠোর অবস্থানে এলজিইডি

পাকা রাস্তা নির্মাণে অনিয়ম, সংবাদ প্রকাশের পর কঠোর অবস্থানে এলজিইডি

ফন্ট সাইজ:

নওগাঁর রাণীনগরে এলজিইডি’র অর্থায়নে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজ চলছে। তবে কাজ শুরুর দিকের কিছু অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে। রাস্তার কাজের মান নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)।

এ ছাড়া অভিযোগ ওঠার পর সরজমিন কাজ পরিদর্শন করেছেন উপজেলা এলজিইডি’র কর্মকর্তারা। নিম্নমানের ইটের খোয়া সরিয়ে মানসম্মত খোয়া ব্যবহার এবং বালু-খোয়ার নির্ধারিত অনুপাত বজায় রেখে কাজ করার উদ্যোগ নেয়া হয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে রাস্তার অভাবে দীর্ঘ দুর্ভোগের পরে পাকা রাস্তার মুখ দেখছে উপজেলার প্রত্যন্ত-অঞ্চল একডালার মানুষ। উপজেলার একডালা ইউনিয়নের পূর্ব কয়া পাড়া থেকে সরদার কয়া ও বড়িয়া পাড়া স্কুল মাঠ পর্যন্ত ১ হাজার ১১০ মিটার সড়কের কার্পেটিং করার প্রাথমিক কাজ চলছে।

সম্প্রতি এ কাজে নিম্নমানের খোয়া ও অতিরিক্ত বালু ব্যবহারের অভিযোগ ওঠে। কোথাও কোথাও ঝাওয়ামিশ্রিত খোয়া ব্যবহারের অভিযোগও করেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা নিফল আলী (৪০) বলেন, রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। সরকারি উদ্যোগে কাজ শুরু হওয়ায় আমরা খুশি। কাজটি ভালোভাবে শেষ হলে দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। এ বিষয়ে উপজেলা এলজিইডি’র প্রকৌশলী শুভাশীষ রায় বলেন, সংবাদ প্রকাশের পর আমরা সরজমিন কাজ পরিদর্শন করেছি। যেসব জায়গায় অনিয়ম ছিল, সেগুলো সমাধান করে মানসম্মতভাবে কাজ করানো হচ্ছে।

স্থানীয়রা বলছেন, গণমাধ্যমে নির্মাণকাজের অনিয়মের অভিযোগ প্রকাশ পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয়ায় তারা সন্তুষ্ট। তাদের প্রত্যাশা, সড়কের বাকি কাজও নির্ধারিত মান বজায় রেখে সম্পন্ন হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়কটির ১ হাজার ১১০ মিটার অংশ কার্পেটিংয়ের জন্য টেন্ডার আহ্বান করা হয়। কাজটির ঠিকাদারি পেয়েছে মেসার্স খান ট্রেডার্স। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।