পূর্বধলায় ঋণের চাপে যুবকের আত্মহত্যা

ফন্ট সাইজ:

নেত্রকোণার পূর্বধলায় ঋণের চাপে জাহিদুল খান (৩০) নামে এক যুবক কীটনাশক (বিষ) পান করে আত্মহত্যা করেছেন। শুক্রবার সকালে উপজেলার ঘাগড়া ইউনিয়নের মেঘশিমুল পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল ওই গ্রামের মো. হুমায়ূন খানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে পরিবারের অজান্তে কীটনাশক ওষুধ পান করেন জাহিদুল। বিষক্রিয়া শুরু হলে তিনি বাড়ির পেছনে একটি ধানক্ষেতের আইলে গিয়ে ছটফট করতে থাকেন।

এ সময় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, জাহিদুল দীর্ঘদিন ধরে কোনো কাজকর্ম করতেন না। সংসারের খরচ ও জীবনযাত্রার তাগিদে তিনি বিভিন্ন স্থানীয় ব্যক্তি ও একটি এনজিও (ঘএঙ) থেকে ঋণ নিয়েছিলেন। দিন দিন ঋণের বোঝা বাড়তে থাকায় তিনি মানসিক চাপে ভুগছিলেন। গত বৃহস্পতিবার তিনি নতুন করে পুনরায় একটি এনজিও থেকে ঋণ নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে বাড়ি ফেরেন। পাওনাদারদের পাওনা মেটাতে না পারা এবং নতুন ঋণ না পাওয়ার হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে ধারণা করছেন স্বজনরা। ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।