মানিকগঞ্জের শিবালয়ে ইয়াবাসহ গ্রেপ্তার উপজেলা যুবদলের ৩ নম্বর যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলামকে (৪২) দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি তাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানায়। এর আগে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার উলাইল ইউনিয়নের দশচিড়া গ্রামের একটি পাকা সড়ক থেকে নাজমুল ইসলামকে গ্রেপ্তার করে শিবালয় থানা পুলিশ।
এ সময় তার কাছ থেকে ৩১টি অ্যামফিটামিন জাতীয় মাদকদ্রব্য (ইয়াবা) উদ্ধার এবং নিবন্ধন নম্বরবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার করা ট্যাবলেটগুলোর মোট ওজন ৩ দশমিক ১ গ্রাম।
পুলিশ জানায়, নাজমুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবালয় থানায় মামলা করা হয়েছে। তিনি উলাইল ইউনিয়নের দশচিড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সবুর উদ্দিন। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়নের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার অভিযোগে নাজমুল ইসলামকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেয়া হয়েছে। শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হোসেন আলী বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। শিবালয় থানার ওসি মো. আমিনুল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
