কেন্দুয়ায় ব্যবসায়ীর ওপর পেট্রোল নিক্ষেপ অভিযুক্ত আটক

ফন্ট সাইজ:

নেত্রকোণার কেন্দুয়ার সান্দিকোনা ইউনিয়নের সাহিত্যপুর বাজারে এক মনোহারি ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. খলিলুর রহমান নামে ওই ব্যবসায়ী গুরুতর দগ্ধ হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সুমন মিয়াকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সাহিত্যপুর বাজারে এ ঘটনা ঘটে। দগ্ধ খলিলুর সান্দিকোনা ইউনিয়নের চেংজানা গ্রামের সুলতান মিয়ার ছেলে। তিনি সাহিত্যপুর বাজারে মুদি ও মনোহারি পণ্যের ব্যবসা করেন। পাশাপাশি বোতলজাত পেট্রোলও বিক্রি করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় একই গ্রামের খোদা নেওয়াজ মিয়ার ছেলে সুমন মিয়া খলিলুরের দোকানে আসেন। একপর্যায়ে দোকানে থাকা পেট্রোল খলিলুরের শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয় বলে অভিযোগ ওঠে।

মুহূর্তেই আগুন তার শরীরে ছড়িয়ে পড়ে। এ সময় দোকানের বিভিন্ন মালামালও পুড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর পর খলিলুরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হয়। কেন্দুয়া থানার ওসি মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।