ত্রিশালে সুতিয়া নদী পুনরুদ্ধারে ৪৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ত্রিশালে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সুতিয়া নদীর প্রবাহ পুনরুদ্ধার ও সংরক্ষণমূলক প্রকল্পে প্রশাসনিক অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীটির নাব্যতা ফিরিয়ে আনার পাশাপাশি নদী তীরবর্তী এলাকার কৃষি ও মৎস্য খাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। জানা গেছে, প্রায় ৯৮ কিলোমিটার দীর্ঘ সুতিয়া নদীর প্রবাহ পুনরুদ্ধার ও সংরক্ষণে ড্রেজিংয়ের মাধ্যমে নদীর তলদেশ থেকে প্রায় ৪৫ লাখ ঘনমিটার পলি অপসারণ করা হবে। এ প্রকল্পে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৪ কোটি ১০ লাখ টাকা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ত্রিশালের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও নদীটির নাব্যতা ফিরিয়ে আনতে খনন ও সংস্কার কাজ দ্রুত বাস্তবায়নের জন্য পানিসম্পদ মন্ত্রণালয়ে ডিও লেটার দিয়েছিলেন ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রক্রিয়ার মাধ্যমে প্রকল্পটির প্রশাসনিক অনুমোদন দেয়া হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে সুতিয়া নদীর দুই তীরবর্তী এলাকার কৃষক, মৎস্যজীবীসহ স্থানীয় বাসিন্দারা উপকৃত হবেন। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হওয়ায় জলাবদ্ধতা কমার পাশাপাশি শুষ্ক মৌসুমে সেচ সুবিধা বাড়বে।
এ বিষয়ে সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ত্রিশালের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।