অভিনয়ের পাশাপাশি উন্নয়নকর্মী হিসেবে দীর্ঘদিন কাজ করা রাফিয়াথ রশিদ মিথিলা পেশাগত জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের সঙ্গে দুই দশকের পথচলা শেষে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিয়েছেন তিনি। পাশাপাশি শিক্ষকতাও শুরু করেছেন এই তারকা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন কর্মজীবনের খবর জানিয়েছেন মিথিলা। তিনি জানান, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ ‘এসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট’ হিসেবে কাজ শুরু করেছেন।
নতুন দায়িত্বে নিউ ইয়র্কভিত্তিক ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের নকশা প্রণয়ন ও মূল্যায়নের নেতৃত্ব দেবেন তিনি। প্রকল্পটির মূল লক্ষ্য- জন্ম থেকে পাঁচ বছর বয়সী শিশুদের পরিবারকে তাদের সুস্থ বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও উপযুক্ত পরিবেশের সঙ্গে যুক্ত করা। প্রারম্ভিক শৈশবের বিকাশ, পারিবারিক সম্পৃক্ততা ও জনস্বাস্থ্য নিয়ে কাজ করবে উদ্যোগটি। আন্তর্জাতিক উন্নয়ন খাতে অভিজ্ঞতা কাজে লাগিয়ে গবেষণা ও স্থানীয় মানুষের প্রয়োজনের মধ্যে সমন্বয় ঘটাতে চান মিথিলা। গবেষণার পাশাপাশি নিউ ইয়র্কের সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কে ‘এডজাঙ্কট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ হিসেবে যোগ দিয়েছেন তিনি।
সেখানে ‘নন-প্রফিট ম্যানেজমেন্ট’ বিষয়ে পাঠদান করছেন। শিক্ষার্থীদের অলাভজনক সংস্থার কার্যক্রম ও বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পরিচিত করানোর সুযোগও পাচ্ছেন তিনি। নতুন পথচলায় দীর্ঘদিনের কর্মস্থল ব্র্যাকের অবদানের কথাও স্মরণ করেছেন মিথিলা। তিনি জানান, ব্র্যাকের সঙ্গে তার দুই দশকের যাত্রায় ১৫ বছর কেটেছে ব্র্যাক ইন্টারন্যাশনালে। আন্তর্জাতিক উন্নয়ন খাতে অর্জিত অভিজ্ঞতা বর্তমান দায়িত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা অবকাঠামো ও গবেষকদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মিথিলা। নতুন দায়িত্বের মাধ্যমে বৈশ্বিক অভিজ্ঞতাকে আরও বিস্তৃত পরিসরে কাজে লাগাতে চান তিনি।
