কাজের সূত্রে ইন্দোনেশিয়ার বালিতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। দুর্ঘটনায় গুরুতর চোট পেয়েছেন তিনি। বর্তমানে বালির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে বা শরীরের কোথায় আঘাত পেয়েছেন, তা এখনো জানা যায়নি। কাজ শেষে আরও কয়েকদিন বালিতে থাকার পরিকল্পনা ছিল নুসরাতের। সেখানে সময় কাটানোর নানা মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করেছিলেন তিনি।
এর মধ্যেই দুর্ঘটনার খবর আসে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দুর্ঘটনার পর থেকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এদিকে, টাইগার শ্রফের সঙ্গে নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন নুসরাত। এর মাধ্যমে প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা যাবে দু’জনকে। ছবিতে তার চরিত্রটি গুরুত্বপূর্ণ বলে জানা গেছে। চরিত্রটির দৃঢ়তা ও আবেগ ফুটিয়ে তুলতে তাকে উপযুক্ত মনে করেছেন নির্মাতারা। সিনেমাটিতে ভিন্ন রূপে দেখা যাবে অভিনেত্রীকে।
সর্বশেষ ‘উফ্ফ ইয়ে সিয়াপ্পা’ ছবিতে সোহম শাহের সঙ্গে দেখা গেছে নুসরাতকে। হাস্যরস ও রহস্যের মিশেলে তৈরি ছবিটির পর নতুন সিনেমায় ভিন্ন চরিত্রে হাজির হবেন তিনি। তবে নতুন কাজের আগে দুর্ঘটনার খবর ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। নুসরাতের শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ্যে আসেনি। হাসপাতাল থেকে তার চিকিৎসা বা সুস্থতার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্যও পাওয়া যায়নি।
