মৌয়ের সঙ্গে ‘শঙ্খ সকাল প্রকৃতি’তে নাসিম-তানভীর

মৌয়ের সঙ্গে ‘শঙ্খ সকাল প্রকৃতি’তে নাসিম-তানভীর

ফন্ট সাইজ:

দেশের প্রখ্যাত নাটক ও চলচ্চিত্র নির্মাতা অরুণ চৌধুরী বেশ কিছুদিন বিরতি শেষে আবারো নতুন নাটক নির্মাণে এলেন। চ্যানেল আইয়ের ২৮ বছর পদার্পণে রাবেয়া খাতুনের গল্প থেকে তার চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘শঙ্খ সকাল প্রকৃতি’। নাটকে প্রকৃতি চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের মডেলিং জগতের পথিকৃৎ, নন্দিত অভিনেত্রী, নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ, শঙ্খ ও সকাল চরিত্রে অভিনয় করেছেন- আহসান হাবিব নাসিম ও গোলাম কিবরিয়া তানভীর। গত দুইদিনে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সাদিয়া ইসলাম মৌ বলেন, আমি তো সব সময়ই চেষ্টা করি ভালো গল্পে কাজ করতে, ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে। যথারীতি এ নাটকের ক্ষেত্রেও ঠিক তাই।

নাটকটি প্রচারে এলে বুঝতে পারবো দর্শকের কতোটা ভালো লেগেছে। তবে আমি নাটকটি নিয়ে আশাবাদী। আহসান হাবিব নাসিম বলেন, অরুণ দাদার নির্দেশনায় এর আগেও কাজ করেছি। তিনি এদেশের একজন রুচিশীল নাট্যনির্মাতা। দাদার এই নাটকে নৈতিক মূল্যবোধের গল্পটা পাওয়া যাবে। তানভীর বলেন, এর আগে অরুণ দাদার নির্দেশনায় দু’টি নাটকে কাজ করেছি। মৌ আপার সঙ্গে আরও চার-পাঁচটা নাটকে কাজ করেছি।

সত্যি বলতে মৌ আপা, নোবেল ভাইকে দেখে দেখেই কিন্তু ছোটবেলায় মডেল হিসেবে কাজ করার আগ্রহ জন্মায়। সেই আমি এই অঙ্গনে কাজ করতে এসে মৌ আপার সঙ্গে স্ক্রিন শেয়ার করছি, সহশিল্পী হিসেবে অভিনয় করছি, রোমান্টিক দৃশ্যে অভিনয় করছি- এগুলো ভাবতে গেলে এখনো কেমন যেন স্বপ্ন স্বপ্ন লাগে। শিগগিরই নাটকটি চ্যানেল আইয়ে প্রচারিত হবে।