মৌলভীবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাকে অপসারণের দাবিতে মানববন্ধন

মৌলভীবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাকে অপসারণের দাবিতে মানববন্ধন

ফন্ট সাইজ:

মৌলভীবাজারে উন্নয়নমূলক কাজে বাধাগ্রস্ত ও হয়রানি করার অভিযোগে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীমা খন্দকারের অপসারণের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। গতকাল দুপুরে প্রেস ক্লাবের সামনে জেলা পরিষদের ঠিকাদারদের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন ঠিকাদার তোফায়েল ইসলাম তোহেল, আনিছুজ্জামান বায়েছ, আতাউর রহমান চৌধুরী, সাইফুল ইসলাম, রুহেল বক্তসহ অন্যরা।

এ সময় গণমাধ্যমকর্মীদের কাছে লিখিত ও মৌখিক অভিযোগে তারা উল্লেখ করেন, প্রধান নির্বাহী কর্মকর্তা শামীমা খন্দকার আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত একজন আওয়ামী ঘরানার লোক। বর্তমান গণতান্ত্রিক সরকারের উন্নয়নবিদ্বেষী একজন কর্মকর্তা হিসাবে ইতিমধ্যে সরকারকে হেয়প্রতিপন্ন করার চক্রান্তে সরাসরি জড়িত। তাছাড়া তিনি একজন দুর্নীতিগ্রস্ত কমিশন গ্রহণকারী কর্মকর্তা। জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ঠিকাদারগণ তার কথামতো প্রতিটি প্রকল্প থেকে পার্সেন্টেজ না দিলে ঠিকাদারদের বিভিন্ন রকম হয়রানি, ভয়ভীতি ও কাজের মিথ্যা অনিয়ম দেখিয়ে টাকা দাবি করেন নতুবা কৌশলে কাজের ফাইল আটকিয়ে রাখেন। জেলা পরিষদের আওতাধীন জলমহাল ও জেলা পরিষদের বিভিন্ন দোকানপাট থেকে উচ্চমান সহকারী এনামের মাধ্যমে মাসুরা উৎকোচ গ্রহণ করেন। জেলা পরিষদের বিভিন্ন ডাকবাংলোর স্টাফদের মধ্যে যে অতিরিক্ত টাকা দিবে তাকে তিনি নিয়োগ দেন।

এ বিষয়ে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীমা খন্দকার জানান, মানববন্ধন করে তার বিরুদ্ধে ঠিকাদার যে অভিযোগ তুলেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ঠিকাদারদের বিলের বিষয়টি তিনি নিয়মতান্ত্রিকভাবে করেছেন। বক্তারা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জেলা পরিষদ হতে বদলির জোর দাবি জানান। পরে তারা জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন। এ ছাড়া ঠিকাদাররা শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, সংসদ সদস্য, সংস্থাপন মন্ত্রণালয় ও সিলেট বিভাগের বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ পাঠান।