চুয়াডাঙ্গার দামুড়হুদায় হাতকড়া পরা অবস্থায় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের পর ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পরে হাতকড়াসহ তিনি পালিয়ে যান। গত বুধবার রাত ৯টার দিকে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর এলাকায় এ ঘটনা ঘটে। আসামি আবু ছিদ্দিক মেম্বার কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছিদ্দিককে গ্রেপ্তারের জন্য বুধবার রাতে দর্শনা থানার একটি দল চণ্ডীপুর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেন বলে অভিযোগ করা হয়। পুলিশের দাবি, হামলায় তাদের দুই পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশের হাতকড়া পরা অবস্থায় আবু ছিদ্দিক পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ চণ্ডীপুর হালদারপাড়া এলাকার লক্ষ্মণ, ফিরোজ, সঞ্চয়ের স্ত্রী কণা এবং সনজিতের স্ত্রী সোনালীকে গ্রেপ্তার করেছে।
দামুড়হুদা-জীবননগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুল্লাহ বলেন, আওয়ামী লীগ নেতা ছিদ্দিককে আটক করতে গেলে পরিবারের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এ সময় আমাদের দুইজন পুলিশ সদস্য আহত হন। দর্শনা থানার ওসি (তদন্ত) মো. মুখলেসুর রহমান বলেন, পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশের ওপর হামলা এবং গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
