নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮

ফন্ট সাইজ:

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ৬৮ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে দু’জনকে আগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া ৬ জনকে ৩৪ ধারায় গ্রেপ্তার এবং ৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে, বুধবার জেলার বিভিন্ন থানায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, সুধারাম মডেল থানায় ১১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে দু’জনকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং অপর ৯ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। কোম্পানীগঞ্জ থানায় ২১ জন, বেগমগঞ্জ মডেল থানায় ৫ জন, চরজব্বর থানায় ৬ জন, চাটখিল থানায় ৮ জন এবং কবিরহাট থানায় ৬ জনকে আটক করে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। এ ছাড়া সোনাইমুড়ী থানায় আটক ১১ জনের মধ্যে ৬ জনকে ৩৪ ধারায় গ্রেপ্তার এবং অপর ৫ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার আরও বলেন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে জনসচেতনতামূলক ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।