রাউজানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি, ১২ পুলিশ আহত

রাউজানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি, ১২ পুলিশ আহত

ফন্ট সাইজ:

রাউজানে সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযানে গিয়ে সংঘবদ্ধ অপরাধীদের সঙ্গে পুলিশের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পায়ে গুলিবিদ্ধ অবস্থায় দিলদার হোসেন (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার রাতে কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কদলপুর জয়নগর বড়ুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান- পুলিশ সুপার মো. মাসুদ আলম। পুলিশের ভাষ্য, কদলপুর এলাকায় একটি সংঘবদ্ধ অপরাধীচক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি ও আদায় করে আসছিল। সর্বশেষ গত ২৫শে সেপ্টেম্বর আবু বক্কর চৌধুরী নামে এক ব্যক্তির কাছে চাঁদা দাবি এবং পরে তার বাড়িতে গিয়ে হুমকি দেয়ার অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে বুধবার রাতে অভিযান চালায় পুলিশ।

পুলিশ জানায়, জানে আলম ওরফে ডাকাত আলম ও মোহাম্মদ আজিজ ওরফে আজিজ বসের নেতৃত্বাধীন ওই চক্রের সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে দুইপক্ষের মধ্যে গুলিবিনিময় হয়।

এ ঘটনায় এসআই মো. জান্নাতুন নাঈম রাজন, এসআই মো. খোরশেদ আলম, এসআই মো. বায়েজিদ মৃধা, এসআই মো. জাহাঙ্গীর আলম, এএসআই মো. জুয়েল চন্দ্র বিশ্বাস ও এএসআই মো. রবিউল হোসেনসহ ১২ পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনায় দিলদার হোসেন পায়ে গুলিবিদ্ধ হন। তাকে আটক করে পুলিশ। অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশের দাবি, দিলদারের দেয়া তথ্যের ভিত্তিতে একটি দোনলা ও একটি একনলা বন্দুক, ১১৯ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ছয়টি সীসা কার্তুজ, চারটি রামদা, দু’টি কটি ও গুলি রাখার দু’টি প্রসেস উদ্ধার করা হয়। পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার দিলদারের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পলাতকদের গ্রেপ্তার এবং আরও অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হবে।