চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও গত সাত মাসে প্রায় ৪ লাখ ৩৪ হাজার বাংলাদেশি কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, শুধু কর্মী পাঠানোর সংখ্যা বাড়ালেই হবে না, বিদেশে পাঠানোর আগে কর্মীদের দক্ষ করে তুলতে হবে। দক্ষ কর্মী পাঠাতে না পারলে বিপুলসংখ্যক কর্মী বিদেশে গেলেও দেশের কাঙ্ক্ষিত সুফল মিলবে না। বৃহস্পতিবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনে বিশেষ ট্রলি কার্যক্রমের উদ্বোধন ও প্রবাসী কল্যাণ ডেস্ক পরিদর্শন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এর আগে বিমানবন্দরে বিদেশগামী কর্মীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এ সময় তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা, চাহিদা ও ভোগান্তির বিষয়ে খোঁজখবর নেন তিনি। বিমানবন্দরে প্রবাসী কর্মীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে মন্ত্রী বলেন, তাদের সুবিধার্থে দ্রুত একটি জরুরি চিকিৎসাকেন্দ্র স্থাপন করা প্রয়োজন। ইতিমধ্যে চিকিৎসাকেন্দ্রের জন্য উপযুক্ত স্থান নির্ধারণের নির্দেশ দেয়া হয়েছে। প্রবাসী কর্মীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, ফ্লাইট বিলম্ব বা সময়সূচিতে পরিবর্তন হলে বিদেশগামী যাত্রীদের দীর্ঘ সময় বিমানবন্দরে অবস্থান করতে হয়। শহর থেকে বিমানবন্দরের দূরত্ব বেশি হওয়ায় এ সময় তাদের থাকা ও খাবার নিয়ে সমস্যায় পড়তে হয়। এ সমস্যা সমাধানে শাহ আমানত বিমানবন্দরের পাশে একটি রেস্টহাউস নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেখানে প্রয়োজনে যাত্রীরা অবস্থান করতে পারবেন। প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, সরকার দায়িত্ব নেয়ার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গত সাত মাসে প্রায় ৪ লাখ ৩৪ হাজার কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।
ভবিষ্যতে দেশের শ্রমবাজারে আরও ভালো ফলাফল অর্জিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, প্রশিক্ষিত ও দক্ষ কর্মী পাঠানোর মাধ্যমে বিদেশের শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে হবে। অনুষ্ঠানে প্রবাসীদের আইনি সহায়তা আরও কার্যকর করার বিষয়ে একটি প্রস্তাব দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনার পাশাপাশি প্রবাসীদের আইনি সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন মন্ত্রী। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারসহ মন্ত্রণালয়, চট্টগ্রাম জেলা প্রশাসন এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনা কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
