সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরনবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কবির উদ্দিনের অপসারণ দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল সকালে ওই বিদ্যালয়ের সামনের সড়কে সচেতন এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জানা যায়, সম্প্রতি শিক্ষক মো. কবির উদ্দিনসহ ৩ ব্যক্তিকে পার্শ্ববর্তী টেকুয়াপাড়া গ্রামে গভীর রাতে নারী সংক্রান্ত বিষয়ে আটক করে গ্রামবাসী। এ ঘটনায় স্থানীয়রা তার বিদ্যালয়ে প্রবেশ ও দায়িত্ব পালনের বিরোধিতা করে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। এ সময় বক্তারা বলেন, শিক্ষক কবির উদ্দিনের বিরুদ্ধে একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে— যা শিক্ষার সুষ্ঠু পরিবেশকে বিঘ্নিত করছে। একজন শিক্ষকের নৈতিক স্খলন পুরো শিক্ষা ব্যবস্থার জন্য লজ্জাজনক। বিষয়টি তদন্ত করে প্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।
মানববন্ধনে স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে চরনবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক বলেন, তার বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক নারী সংক্রান্ত ঘটনার অভিযোগ রয়েছে, মামলাও ছিল। সহকারী শিক্ষক হিসেবে তিনি সবসময় উদাসীন ও বেপরোয়া। বিদ্যালয়ের শিক্ষার সুন্দর পরিবেশ বজায় রাখতে তাকে অন্যত্র বদলি করা প্রয়োজন। উপজেলা শিক্ষা কর্মকর্তার মোমিনুল হক জানান, আমরা দু’টি তদন্ত করেছি। প্রাথমিকভাবে আংশিক সত্যতা পাওয়া গেছে, আগামী সপ্তাহে রিপোর্র্ট পেশ করা হবে।
