মাদক থেকে দূরে থাকার শপথ নিয়েছে কিশোরগঞ্জ সদর উপজেলার বত্রিশ এলাকায় অবস্থিত আলহাজ সামছুদ্দিন ভূঞা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত মাদকবিরোধী আলোচনা সভায় বিদ্যালয়টির শিক্ষার্থীরা এই শপথ নেয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন।
সামছুদ্দিন ভূঞা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমাইয়া আক্তার রুনার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম। শুকতারা সমাজকল্যাণ সংস্থার সভাপতি রেজাউল হাসনাত নাহিদের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বিদ্যালয় এডহক কমিটির সভাপতি এডভোকেট নজরুল ইসলাম, অভিভাবক সদস্য মাহফুজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান প্রধান শিক্ষক সুমাইয়া আক্তার রুনা। এছাড়া আলোচনা সভায় শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী লিফলেট এবং মাদকবিরোধী সেøাগান সংবলিত শিক্ষা উপকরণ হিসেবে খাতা ও কলম বিতরণ করা হয়।
