সিলেটে ব্যবসায়ীদের সতর্ক করলেন সিসিক প্রশাসক কাইয়ূম চৌধুরী

ফন্ট সাইজ:

সিলেট নগরীর কদমতলী দরিয়াশাহ মাজার সড়কের পাশে সুরমা নদীর তীরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মোবাইল ও ইলেকট্রনিক পণ্যের পরিত্যক্ত সামগ্রীসহ অপচনশীল বর্জ্য ফেলা হচ্ছে। এতে নদীর পানি ও পরিবেশ দূষণের পাশাপাশি নদীর স্বাভাবিক পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে কদমতলী এলাকার নদীর তীর পরিদর্শন করে সুরমার তীরে কোনো ধরনের বর্জ্য না ফেলতে ব্যবসায়ীদের সতর্ক করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী। এ সময় তিনি বলেন, আমরা পরিবেশবান্ধব ও বাসযোগ্য একটি গ্রিন নগরী গড়ে তুলতে চাই।

কিন্তু যত্রতত্র বর্জ্য ফেলার কারণে পরিবেশ দূষিত হচ্ছে। বিশেষ করে পলিথিন ও অন্যান্য অপচনশীল বর্জ্য যত্রতত্র ফেলার কারণে নদী, ছড়া ও ড্রেনের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং জনস্বাস্থ্যও হুমকির মুখে পড়ছে। এ সময় সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আক্তার রশীদ চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।