কক্সবাজারের টেকনাফ সীমান্তে আবারো ইয়াবা পাচারকালে ৩০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল দিবাগত ১টা ৫০ মিনিটে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবি’র অধীনস্থ হোয়াইক্যং বিওপি’র বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় এ অভিযান চালায়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম। আটককৃত যুবক সৈয়দ কবির (২৫) রোহিঙ্গা ক্যাম্পের নুরু বশরের ছেলে। বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে সীমান্ত এলাকা দিয়ে ইয়াবার চালান আসছে। তথ্যের ভিত্তিতে হোয়াইক্যং বিওপি’র বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী ওবিএম পোস্ট-১ সংলগ্ন সøুইচ গেটের নিকটবর্তী কৌশলগত অবস্থান নেয়।
এ সময় মিয়ানমারের দিক থেকে একজনকে হাতে ব্যাগ নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি’র সন্দেহ হয়। পরে তাৎক্ষণিকভাবে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে ব্যাগ তল্লাশি করে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে ৬৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
