সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছে সিলেট জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপ। বৃহস্পতিবার দুপুরে সিলেট চেম্বার ভবনে আয়োজিত এ মতবিনিময় সভায় সংগঠনের নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মতবিনিময়কালে সিলেট জেলা রড, সিমেন্ট ও ঢেউটিন মার্চেন্ট গ্রুপের ব্যবসায়ী নেতৃবৃন্দ ব্যবসায়ীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আগামী নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে নবনিযুক্ত প্রশাসকের প্রতি আহ্বান জানান তারা।
ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, সিলেটের ব্যবসায়ী সমাজের স্বার্থ সংরক্ষণ এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে চেম্বারের কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আগামী নির্বাচনকে ঘিরে সকল ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রয়োজন রয়েছে। তারা আশা প্রকাশ করেন, নবনিযুক্ত প্রশাসকের নেতৃত্বে চেম্বারের কার্যক্রম আরও গতিশীল হবে এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কার্যকর সমন্বয় গড়ে ওঠবে। সিলেট জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরীর নেতৃত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জুবায়ের আহমদ, সহ-সভাপতি সামছ উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, ধর্ম সম্পাদক হাজিফ কামরুল ইসলাম, মো. রুবেল আহমদ, হাসান আহমদ প্রমুখ। সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা শেষে সিলেট জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপের পক্ষ থেকে নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমদ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
