মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরের বিভিন্ন জলমহালে অবৈধভাবে মাছ শিকার ও নেটের বাঁধ নির্মাণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় সাড়ে ৫ লাখ টাকা মূল্যের অবৈধ রিং জাল ও মশারি জাল জব্দ করা হয়। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার হাইল হাওরের অন্তর্গত চেংছড়ি, সানন্দা, বছনীখাল, বেরীর বোল, হাওরী খালসহ বিভিন্ন জলমহালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমানের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে জলমহালগুলো থেকে অবৈধভাবে ব্যবহৃত ১০০টি রিং জাল জব্দ করা হয়। এসব জালের মোট দৈর্ঘ্য প্রায় ১ হাজার মিটার এবং আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। এছাড়া ২০টি মশারি জাল জব্দ করা হয়, যার মোট দৈর্ঘ্য প্রায় ৪ হাজার মিটার এবং আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। অভিযানে জব্দ করা অবৈধ জালের মোট আনুমানিক মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা।
পরে জব্দকৃত জালগুলো বিধি অনুযায়ী আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। একই সঙ্গে জলমহালে অবৈধভাবে স্থাপন করা নেটের বাঁধ উচ্ছেদ করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক ও শ্রীমঙ্গল থানা পুলিশের সদস্যরা।
