চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহকৃত খাবার খেয়ে লহলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। গত বুধবার দুপুরে টিফিনের খাবার খাওয়ার পর ওই শিক্ষার্থীরা পেটে ব্যথা ও বমিতে আক্রান্ত হয়। পরে শিক্ষকরা তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। গতকার সকালে ঘটনাটি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা শেষে সব শিশুই এখন পুরোপুরি সুস্থ হয়ে নিজ নিজ বাড়িতে ফিরে গেছে।
তিনি আরও বলেন, ঘটনাটি খতিয়ে দেখতে জেলা প্রশাসন থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সরবরাহকৃত খাবারের গুণগত মান পরীক্ষা এবং শিক্ষার্থীদের অসুস্থতার কারণ অনুসন্ধানে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে খাবারের গুণগত মান যাচাই, অসুস্থতার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে।
