যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর জুনায়েদ গাজী (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ভৈরব সেতুসংলগ্ন এলাকায় সরকারি ড্রেজারের পাখায় পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জুনায়েদ উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দক্ষিণ দেয়াপাড়া গ্রামের শহিদুল গাজীর ছেলে। এর আগে গত বুধবার দুপুর ১২টার দিকে চাচাতো ভাই ফাহিমের (৬) সঙ্গে দক্ষিণ দেয়াপাড়া-পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকায় ভৈরব নদে গোসল করতে নামে জুনায়েদ।
এ সময় নদীর তীব্র স্রোতে তলিয়ে যায় সে। খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত নদীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হলেও তার সন্ধান পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি দল নৌকাযোগে ঘটনাস্থলের আশপাশে ফের উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টা অভিযান চালানোর পর সকাল ১০টার দিকে ভৈরব সেতুসংলগ্ন বিআইডব্লিউটিএ’র একটি ড্রেজারের পাখায় পেঁচানো অবস্থায় জুনায়েদের মরদেহের সন্ধান পাওয়া যায়। এ বিষয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, দীর্ঘ ২২ ঘণ্টা পর নিখোঁজ মরদেহ উদ্ধার করা হয়েছে। সরকারি ড্রেজারের ধারালো পাখায় পেঁচিয়ে মরদেহটি ক্ষতবিক্ষত ও দ্বিখণ্ডিত হয়েছে।
