সৈয়দপুর পৌরসভার বাজেট ঘোষণা

ফন্ট সাইজ:

সৈয়দপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯২ কোটি ৭৬ লাখ ১ হাজার ৩৯৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা।
ঘোষিত বাজেটে রাজস্ব খাতে আয় ও ব্যয় ধরা হয়েছে ৩৬ কোটি ৮ লাখ ৪১ হাজার ৭৬২ টাকা। এর মধ্যে কর খাতে ৭ কোটি ৬৪ লাখ ৬৭ হাজার ৬৭৮ টাকা, রেট (হার) খাতে ৮ কোটি ৪৯ লাখ ৬৪ হাজার ৮৬ টাকা, পৌরসভার স্থাবর সম্পত্তি থেকে ৬ কোটি ৫০ লাখ টাকা, পৌর সম্পত্তি থেকে ১ কোটি ৩২ লাখ ৬০ হাজার টাকা এবং অন্যান্য খাত থেকে ৪ কোটি ৩ লাখ ৫৭ হাজার টাকা আয় ধরা হয়েছে।

রাজস্ব ব্যয়ের মধ্যে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ৩ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭৭০ টাকা, সম্মানী ভাতা ৬১ লাখ টাকা, কনজারভেন্সি মঞ্জুরি ৭ কোটি ৩ হাজার ৭০০ টাকা, সংস্থাপন খাতে ৭ কোটি ৩০ লাখ ৫০ হাজার টাকা, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালি পরিষ্কার-পরিচ্ছন্নতায় ২ কোটি ৫৮ লাখ ৭০ হাজার টাকা এবং নিজস্ব তহবিল থেকে উন্নয়ন খাতে ৭২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

পৌরসভার বাজার পরিদর্শক আকমল সরকার রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বাজেট ঘোষণার আগে স্বাগত বক্তব্য দেন- পৌরসভার নির্বাহী প্রধান কর্মকর্তা মো. আইয়ুব আলী। অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এমএম আলী রেজা রাজু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর মোহাম্মদ, পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বিএনপি, জামায়াত ও এনসিপি’র নেতৃবৃন্দ, সাংবাদিক, পৌরসভার সাবেক কাউন্সিলর এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বক্তব্য, মতামতের সুযোগ না থাকা এবং সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ না দেওয়ায় অনেকে বিরূপ মন্তব্য ও বাজেট অনুষ্ঠানের সমালোচনা করেছেন ।