রাঙ্গামাটিতে আদালত প্রাঙ্গণে দালালদের প্রতারণা ঠেকাতে বিক্ষোভ

রাঙ্গামাটিতে আদালত প্রাঙ্গণে দালালদের প্রতারণা ঠেকাতে বিক্ষোভ

ফন্ট সাইজ:

আদালত প্রাঙ্গণে বাটপার ও দালালদের প্রতারণা প্রতিরোধ এবং বিচারপ্রার্থী সাধারণ মানুষকে সচেতন করতে রাঙ্গামাটির আদালত চত্বরে বিক্ষোভ র‌্যালি করেছেন আইনজীবীরা। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট শাহ্আলম মিয়ার নেতৃত্বে এ বিক্ষোভ র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি রাঙ্গামাটি আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গাউছিয়া মার্কেট প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়।

এ সময় হ্যান্ডমাইকের মাধ্যমে বিচারপ্রার্থী ও সাধারণ মানুষকে আদালতকেন্দ্রিক প্রতারণা সম্পর্কে সচেতন করেন আইনজীবীরা। র‍্যালিতে রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট শিশু মনি চাকমা, সহ-সভাপতি এডভোকেট মাকসুদা হক, কোষাধ্যক্ষ এডভোকেট শহিদুল ইসলাম, আইটি সম্পাদক এডভোকেট গফুর বাদশা, কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট মো. হারুন অর রশিদ, এডভোকেট রহমত উল্লাহ, এডভোকেট আলাল উদ্দিন, এডভোকেট দীপন চাকমাসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে বক্তব্যে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট শিশু মনি চাকমা বলেন, দীর্ঘদিন ধরে আদালতকেন্দ্রিক বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হচ্ছেন প্রকৃত বিচারপ্রার্থী ও মামলার সঙ্গে সংশ্লিষ্ট সাধারণ মানুষ। আদালত প্রাঙ্গণে কতিপয় ব্যক্তি আসামিপক্ষের লোকজনের সঙ্গে যোগাযোগ করে মামলা নিষ্পত্তি, জামিন করিয়ে দেয়া কিংবা মামলায় বিভিন্ন সুবিধা করে দেয়ার আশ্বাস দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছেন। এতে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বিচারপ্রার্থী ও সাধারণ জনগণকে কোনো ক্লার্ক বা সাধারণ ব্যক্তির সঙ্গে মামলা সংক্রান্ত বিষয়ে কথাবার্তা কিংবা আর্থিক লেনদেন না করার জন্য সতর্ক করেন তিনি। আইনজীবীরা বলেন, আজকের র‌্যালির মাধ্যমে আদালত প্রাঙ্গণে বাটপার ও দালালদের তৎপরতা সম্পর্কে বিচারপ্রার্থী ও সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।