২২ দিন দেশের বিভিন্ন নদ-নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা

ফন্ট সাইজ:

ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে আগামী ৮ই অক্টোবর থেকে ২৯শে অক্টোবর পর্যন্ত ২২ দিন মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন নদ-নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ সময় মানিকগঞ্জ জেলার নদ-নদী ও মোহনায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ থাকবে। বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভায় এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন— মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির, কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক শাহজাহান সিরাজ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মজিবুর রহমান, জেলা শিক্ষা অফিসার আমীর হোসেন, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন, শিবালয় উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সাথী রাণী নিয়োগী, হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা নূরুল ইকরাম, আনসার ও ভিডিপি’র সার্কেল এডজিটেন্ট স্বরূপ বিশ্বাস, পাটুরিয়া নৌ-পুলিশের এসআই গোলাম সরোয়ারসহ জেলে প্রতিনিধি। জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, ইলিশের প্রজনন নির্বিঘ্ন করা এবং দেশের ইলিশ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা হবে। নিষেধাজ্ঞার সময়ে নদ-নদীতে মাছ আহরণ বন্ধ রাখতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।