ফুলবাড়ীতে ধর্ষণচেষ্টা, ব্লেড দিয়ে বৃদ্ধের পুরুষাঙ্গে আঘাত

ফন্ট সাইজ:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে বৃদ্ধ মকবুল হোসেন (৬০)-এর বিরুদ্ধে। এ সময় আত্মরক্ষার্থে কিশোরী ব্লেড দিয়ে যৌনাঙ্গে আঘাত করলে বৃদ্ধ মকবুল আহত হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার খড়িবাড়ী শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কিশোরীর বাবা রাত ৯টার দিকে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত মকবুল হোসেনের বাড়ি ওই কিশোরীর বাড়ির পাশে হওয়ায় দীর্ঘদিন ধরে কিশোরীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত এবং অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। পরবর্তীতে বিষয়টি পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত ও তার স্বজনদের জানিয়ে সতর্ক করা হয়েছিল। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে অভিযুক্ত ব্যক্তি কিশোরীর বাড়িতে গিয়ে তাকে কয়েকটি শ্যাম্পু দিয়ে অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয়। কিশোরী তা প্রত্যাখ্যান করলে রাতে তাকে জোরপূর্বক ধর্ষণ করার হুমকি দিয়ে চলে যায়।

অভিযোগে আরও বলা হয়, সন্ধ্যা ৭টা দিকে কিশোরীর দাদি ঘরে নামাজ আদায় করার সময় অভিযুক্ত ব্যক্তি বাড়িতে প্রবেশ করে। একপর্যায়ে কিশোরীকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে এবং মুখ চেপে ধরে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় কিশোরী আত্মরক্ষার জন্য ঘরে থাকা ব্লেড দিয়ে অভিযুক্ত বৃদ্ধের যৌনাঙ্গে আঘাত করলে আহত হয়। পরে চিৎকার করতে করতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই বৃদ্ধ। ফুলবাড়ী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, কিশোরীর বাবা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।