মৌলভীবাজার সদর মডেল থানার শেরপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ৮০ বোতল বিদেশি মদসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে শেরপুর গোলচত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে তল্লাশি চালানো হয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাক আটক করা হয়। পরে ট্রাকটি তল্লাশি করে চালক ও হেলপারের সিটের পেছনে থাকা চারটি চটের বস্তা থেকে ৮০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, সাতক্ষীরা জেলার সদর উপজেলার মেহেদী হাসান সকাল (৩২) এবং ইটাগাছা এলাকার জাহিদুল ইসলাম (৩০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পরস্পর যোগসাজশে বিক্রয়ের উদ্দেশ্যে বিদেশি মদের চালানটি ট্রাকযোগে ঢাকায় নিয়ে যাচ্ছিল বলে পুলিশকে জানায়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন:
বেরোবিতে তিন শিক্ষকসহ স্থায়ী বহিষ্কার ১১
