শিবগঞ্জে ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩, আহত ৮

শিবগঞ্জে ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩, আহত ৮

ফন্ট সাইজ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৮ জন। গত বুধবার রাত ৯টার দিকে কানসাট-চৌডালা সড়কের শিবগঞ্জ উপজেলার পুস্কুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, আয়েস উদ্দিন, তার ছেলে শরিফুল ইসলাম ও আব্দুল হাকিম। তবে, তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। শিবগঞ্জ থানার ওসি মো. মতিউর রহমান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের স্বজন শফিকুল ইসলাম জানান, তিনি, তার শ্বশুর এবং আরও ১০ থেকে ১২ জন গরু কেনার জন্য চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সোনাইচণ্ডী গুরুর হাটে যান। পরে বাড়ি ফেরার পথে পুস্কুনি এলাকায় পৌঁছালে গরুবোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারালে তা উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই মারা যান আয়েস উদ্দিন। গুরুতর আহতদের হাসপাতালে নেয়ার পথে শরিফুলও মারা যান। চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হাকিমের মৃত্যু হয়। শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল হায়াত জানান, হাসপাতালে একজনকে মৃত অবস্থায় আনা হয়। একজন ঘটনাস্থলেই মারা গেছে বলে শুনেছেন। মৃতের সংখ্যা আরও একজন বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি। এ ছাড়া ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।