মির্জাপুরে পূজামণ্ডপের প্রতিমা ভাঙচুর

মির্জাপুরে পূজামণ্ডপের প্রতিমা ভাঙচুর

ফন্ট সাইজ:

টাঙ্গাইলের মির্জাপুরে একটি পূজামণ্ডপের সবগুলো প্রতিমার মাথা ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। এ ছাড়া, মণ্ডপটি ঘের দেয়া ত্রিফলার ওপর আগুন দিয়ে তীর সাদৃশ্য চিহ্ন করে গেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী পশ্চিমপাড়া আর্য সমিতি পূজামণ্ডপে এ ঘটনা ঘটেছে।
পূজা পরিচালনা কমিটির সভাপতি প্রকাশ বাকালী বলেন, বুধবার রাত সাড়ে ১০টা পর্যন্ত আমরা পূজামণ্ডপের সামনেই ছিলাম। গতকাল সকাল ৭টার দিকে খবর পাই, আমাদের মণ্ডপের সবগুলো প্রতিমার মাথা ভেঙে ফেলা হয়েছে। গত ৬ মাস আগেও পাশের একটি মন্দিরে এ ধরনের ঘটনা ঘটেছিল। তবে এলাকায় কোনো ধর্মীয় বিভেদ নেই বলে জোর দিয়ে বলেন তিনি।

সংবাদ পেয়ে পুলিশের পক্ষ থেকে সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মুহম্মদ শামছুল আলম সরকার ও সহকারী পুলিশ সুপার (মির্জাপুর- নাগরপুর) সার্কেল আদনান মুস্তাফিজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজা, মির্জাপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ লোকমান হোসেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মণ্ডপটিতে নগদ ১০ হাজার টাকা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্তভাবে ২ টন জিআর চাল বরাদ্দ দেয়া হবে বলে আশ্বাস দেয়া হয়েছে। তবে বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি বলে ডিউটি অফিসার তৌহিদুল ইসলাম সূত্রে জানা গেছে। পূজা উদ্যাপন পরিষদ, মির্জাপুর শাখার সভাপতি বিকাশ গোস্বামী বলেন, গতবারের চেয়ে এখানে পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে। মির্জাপুর সব সময় ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্তমূলক উদাহারণ। তবে কারা এই ঘটনা ঘটালো তা রহস্যজনক। মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ লোকমান হোসেন বলেন, আমরা পূজামণ্ডপের দায়িত্বশীলদের থানায় অভিযোগ দিতে বলেছি। তবে আমরা আমাদের তদন্তকাজ অব্যাহত রেখেছি।