মানিকগঞ্জে প্রবীণ দিবস পালিত

ফন্ট সাইজ:

‘দীর্ঘ জীবনের নতুন ভাবনা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, প্রবীণ হিতৈষী সংঘ এবং জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি এডভোকেট জহীর আলম খান লোদির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল বাতেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সালাহউদ্দিন। আলোচনা সভায় প্রবীণ বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রবীণরা আজ সমাজে নানা ক্ষেত্রে অবহেলিত। এমনকি তাদের বসার জন্য নির্দিষ্ট কোনো জায়গাও নেই। বর্তমানে বয়স্কদের জন্য নির্ধারিত ভাতা যুগোপযোগী করে বাড়ানোর দাবিও তোলেন বক্তারা। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা প্রবীণদের দাবির প্রেক্ষিতে বলেন, প্রবীণদের বসার জন্য খুব শিগ্গিরই একটি অস্থায়ী জায়গার ব্যবস্থা করা হবে। পাশাপাশি স্থায়ীভাবে কোনো বন্দোবস্ত করা যায় কি না, সে বিষয়েও উদ্যোগ নেয়া হবে। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল বাতেন বলেন, প্রবীণরা পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। জেলায় এক লাখের বেশি প্রবীণ রয়েছেন। সরকারিভাবে আনুমানিক ৬০ হাজার লোককে বয়স্ক ভাতা দেয়া হয়। প্রবীণদের জন্য আরও বিশেষ কিছু করা যায় কিনা সে বিষয়ে নজর দেয়া হবে। তাদের সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে পরিবার সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।