বিয়ানীবাজারে চিকিৎসকের অবহেলায় শিশুমৃত্যুর অভিযোগে বিক্ষোভ

ফন্ট সাইজ:

সিলেটের বিয়ানীবাজারে চিকিৎসকের অবহেলায় এক শিশুর মৃত্যুর অভিযোগে বিক্ষোভ করেছেন রোগীর স্বজন ও স্থানীয়রা। মৃত মাহমুদুল হাসান (৭ মাস) প্রতিবেশী বড়লেখা উপজেলার শাহবাজপুর এলাকার মামুন আহমদের ছেলে। বৃহস্পতিবার দুপুরে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। তবে ঘটনার পর থেকে মুখ খুলছে না স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা।

মৃত শিশুর বাবা জানান, জ্বর-নিউমোনিয়া রোগে আক্রান্ত শিশুকে গত ২৭শে সেপ্টেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভর্তি পরবর্তী সময় থেকে কর্তব্যরত চিকিৎসকদের অবহেলায় ছেলের শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। বৃহস্পতিবার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার পর থেকে তিনি চিকিৎসকদের ডেকেও পাননি। এমনকি দায়িত্বরত নার্সরাও চিকিৎসককে ফোন করে আনতে পারেননি। একপর্যায়ে তার সন্তান মৃত্যুর কোলে ঢলে পড়ে। স্বজনদের অভিযোগ, চিকিৎসক রোগীকে সময়মতো চিকিৎসা দিলে হয়তো ওই শিশু বেঁচে যেতো। এদিকে, শিশু সন্তানের মৃত্যুর ঘোষণা শুনে ক্ষোভে ফেটে পড়েন তার স্বজনরা। তারা স্বাস্থ্য কমপ্লেক্সে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুল হক খান বলেন, প্রতিদিন কতো রোগী আসে, এদের মধ্য থেকে দু’-একজন মারা যেতে পারে। চিকিৎসকদের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে বিষয়টি এমন নয় বলে খোঁজ নিয়ে দেখবেন বলে জানান তিনি।