তালাবদ্ধ ঘরে মিললো শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ

ফন্ট সাইজ:

বরিশালে তালাবদ্ধ একটি ঘর থেকে আমেনা খানম (৬৫) নামে এক বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত বৃদ্ধা প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা ছিলেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে নগরীর ভাটিখানা রোকেয়া আজিম সড়কের খালপাড় এলাকার ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আমেনা ওই এলাকার দুবাই প্রবাসী শাহেদ উদ্দিনের বাসার ভাড়াটিয়া ছিলেন। বাড়ি মেহেন্দীগঞ্জ উপজেলায়। শাহেদ উদ্দিনের স্ত্রী রিনা বেগম জানিয়েছেন, এক বছর আগে আমেনা তার বাসার দ্বিতীয় তলা ভাড়া নেন। তিনি একা থাকতেন। মাঝেমধ্যে তার ছেলে ও ভাগ্নে দেখতে আসতেন তাকে। দু’দিন আগেও আমেনার সঙ্গে দেখা হয়।

বুধবার তার ভাগ্নে তাকে খুঁজতে এসেছিলেন। কিন্তু বাসার দরজা তালাবদ্ধ ছিল। হঠাৎ করে রাতে ওই বাসা থেকে দুর্গন্ধ বের হলে আমেনার ছেলে রিফাতকে জানানো হয়। রিফাত ঢাকার একটি বেসরকারি ব্যাংকে কাজ করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার সুশান্ত সরকার জানিয়েছেন, ছেলের কাছ থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় পায়। পরে তালা খুলে ভেতরে প্রবেশ করে দেখা যায়, কাপড় দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় বৃদ্ধের লাশ খাটের উপর পড়ে আছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কে বা কারা জড়িত, সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।