নেত্রকোণার পূর্বধলায় ভিক্ষাবৃত্তি থেকে মুক্ত হয়ে এক নতুন আশার আলো দেখছেন ৭২ বছর বয়সী বৃদ্ধা আমেনা খাতুন। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে প্রাপ্ত একটি মুদি দোকান এখন তার নতুন করে বেঁচে থাকার ও স্বাবলম্বী হওয়ার মাধ্যম। ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ কর্মসূচির আওতায় পূর্বধলার বিশকাকুনী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে আমেনাকে মুদি দোকানটি তৈরি করে দেয়া হয়। দোকানে ব্যবসা শুরুর জন্য সরবরাহ করা হয়েছে প্রায় ৫০ হাজার টাকার নিত্যপ্রয়োজনীয় মালামাল।
গত বুধবার বিকালে আনুষ্ঠানিকভাবে দোকানটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম আল আমীন। জানা যায়, আমেনার এই পথচলা সহজ ছিল না। অসুস্থ স্বামী জবেদ আলী এবং দুই ছেলের মধ্যে একজন প্রতিবন্ধী হওয়ায় বাধ্য হয়ে গত চার বছর ধরে তাকে ভিক্ষাবৃত্তির পথ বেছে নিতে হয়েছিল। সম্প্রতি স্বামীর মৃত্যুর পর অভাব ও অসহায়ত্ব তার জীবনকে আরও অন্ধকার করে তোলে। দোকানটি পেয়ে আমেনা উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এখন থেকে ভিক্ষা না করে দোকানের আয় দিয়েই নিজের ও পরিবারের প্রয়োজন মেটানোর চেষ্টা করবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম জানান, এই উদ্যোগের মাধ্যমে আমেনা সম্মানজনকভাবে স্বাবলম্বী হতে পারবেন। তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, পূর্বধলা উপজেলার অন্যান্য ভিক্ষুকদেরও পর্যায়ক্রমে পুনর্বাসনের আওতায় এনে নতুন জীবনের সুযোগ করে দেয়া হবে।
