যুক্তরাষ্ট্রের টেক্সাসে নিখোঁজের চারদিন পর নিজ গাড়ির ভেতর থেকে আলী আহমদ (৪০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। গত মঙ্গলবার তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি পেশায় একজন উবার চালক ছিলেন। নিহত আলী বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া ত্রিমুখী এলাকার বাসিন্দা ও মরহুম আছার উদ্দিনের ছেলে। এদিকে, লাশ উদ্ধারের এমন খবরে নিহতের গ্রামের বাড়িতে চলছে
শোকের মাতম।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার যুক্তরাষ্ট্রে জুমার নামাজ ও দুপুরের খাবার শেষে উবার চালানোর উদ্দেশ্যে বাসা থেকে বের হন আলী।
তবে প্রতিদিনের মতো কাজ শেষে রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন শনিবার সকাল পর্যন্ত পরিবারের সদস্যরা তার মোবাইল ফোন বন্ধ পেয়ে সম্ভাব্য সকল আত্মীয়স্বজন ও পরিচিতদের সঙ্গে যোগাযোগ করেন। কোথাও কোনো সন্ধান না পেয়ে একপর্যায়ে স্থানীয় পুলিশ স্টেশনে নিখোঁজ ডায়েরি করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রথমে একটি মিসিং ডায়েরি করে এবং নিখোঁজের ২৪ ঘণ্টা পার হওয়ার পর ঘটনাটিকে ‘হাই অ্যালার্ট’ কেস হিসেবে তালিকাভুক্ত করে বিশেষ তদন্ত ও অনুসন্ধান শুরু করে। নিখোঁজের চারদিন পর মঙ্গলবার পুলিশ তার ব্যবহৃত নিজস্ব গাড়ি থেকেই মরদেহ উদ্ধার করে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্ত ও পুলিশি তদন্তের প্রতিবেদন পাওয়ার পরই এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।
