ফিফা আসিয়ান কাপের প্রথম দুই ম্যাচ হেরে আগেই বিদাই নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। তবে আরও শোচনীয় অবস্থা বুঝি গ্রুপ পর্বের শেষ ম্যাচের জন্যই তোলা ছিল। বিরতির বাঁশি বাজার আগে বাংলাদেশের জালে গুনে গুনে ৬ গোল দিলো ইন্দোনেশিয়া। বাংলাদেশের হয়ে ১টি গোল শোধ করেছেন শাহরিয়ান ইমন। পুরো টুর্নামেন্টেই লাল-সবুজদের প্রথম গোল এটি।
ম্যাচের শুরু থেকেই র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ইন্দোনেশিয়া আক্রমণাত্মক রূপ নেয়। ১১ মিনিটে লিড এনে দেয়ার পর নয় মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন যুক্তরাষ্ট্রের ইউএসএল লীগের ফরোয়ার্ড মিচেল বেকার। আধিপত্য বিস্তার করে স্বাগতিকরা স্কোরলাইন ৩-০তে নিয়ে যায়। ৩৭ মিনিটে বাঁ দিক থেকে সুকির দুর্দান্ত কাট ব্যাক থেকে হেডে বাংলাদেশের হয়ে সান্ত্বনার গোলটি করেন ইমন।
তবে এরপরই শুরু হয় গোলের আসল সুনামি। ৩৭ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন বেকার। পাঁচ মিনিটের মধ্যে নিজের চতুর্থ গোল করেন মধ্যে তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে ইন্দোনেশিয়ার ষষ্ঠ গোলটি করেন জাস্টিন হাবনার। শেষ ১৫ মিনিটে ৪ গোল হজম করে কোণঠাসা হয়েই বিরতিতে গেছে বাংলাদেশ।
