বাংলাদেশের প্রসাধনী খাতের গবেষণা ও উন্নয়নে কোরীয় বিশেষজ্ঞকে আনলো কসল্যাব

বাংলাদেশের প্রসাধনী খাতের গবেষণা ও উন্নয়নে কোরীয় বিশেষজ্ঞকে আনলো কসল্যাব

ফন্ট সাইজ:

বাংলাদেশের স্কিনকেয়ার ব্র্যান্ড স্কিন’ও-এর উৎপাদনকারী প্রতিষ্ঠান কসল্যাব পারসোনাল কেয়ার লিমিটেড গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) সক্ষমতা বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রসাধনী বিশেষজ্ঞ ড. জুনোহ কিমকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে।

দেশীয় প্রসাধনী ও ব্যক্তিগত পরিচর্যা পণ্যের নির্মাতারা উন্নত ফর্মুলেশন ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়িয়ে উচ্চমূল্যের পণ্য তৈরি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জনের চেষ্টা করছে। এরই অংশ হিসেবে কসল্যাব এই উদ্যোগ নিয়েছে।

প্রসাধনী ফর্মুলেশন, উপাদান, উন্নত ডেলিভারি সিস্টেম ও প্রযুক্তি উদ্ভাবনে ড. জুনোহ কিমের ৩০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি ঢাকায় ও দক্ষিণ কোরিয়ার সিউলে কসল্যাবের আরঅ্যান্ডডি দলের সঙ্গে কাজ করবেন।
কোম্পানির তথ্য অনুযায়ী, উন্নত ফর্মুলেশন, নতুন পণ্য উদ্ভাবন এবং প্রযুক্তি উন্নয়নে তিনি কাজ করবেন।

ড. কিম প্রায় ২২ বছর দক্ষিণ কোরিয়ার প্রসাধনী প্রতিষ্ঠান অ্যামোরেপ্যাসিফিকের আরঅ্যান্ডডি সেন্টারে কাজ করেছেন। সেখানে তিনি স্কিনকেয়ার ফর্মুলেশন, প্রসাধনী উপাদান এবং ন্যানোটেকনোলজি, লিপোসোম, ন্যানোপার্টিকল ও ত্বকের মাধ্যমে উপাদান প্রবেশের প্রযুক্তি নিয়ে কাজ করেন। অ্যামোরেপ্যাসিফিকের ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে ইনিসফ্রি, কসআরএক্স, হেরা ও লেনেইজ।

পরবর্তী সময়ে ড. কিম ইন্টারকস কোরিয়া ও শিনসেগে ইন্টারকস কোরিয়ায় জ্যেষ্ঠ আরঅ্যান্ডডি পদে দায়িত্ব পালন করেন। ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনি শিনসেগে ইন্টারন্যাশনালের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন। সেখানে তিনি প্রযুক্তি কৌশল, পণ্য উদ্ভাবন ও উন্নত আরঅ্যান্ডডি কার্যক্রমের দায়িত্বে ছিলেন।
ড. কিম সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পলিমার ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি এবং সোগাং ইউনিভার্সিটি থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। কসল্যাবের তথ্য অনুযায়ী, তাঁর গবেষণার ফলাফল নিয়ে ৩০টির বেশি আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্রকাশনা হয়েছে এবং তাঁর নামে ৬০টির বেশি পেটেন্ট রয়েছে।

কসল্যাবের ঢাকায় ও সিউলের গবেষণা স্থাপনায় কাজ করা প্রায় ২০ জন রসায়নবিদ ও ফার্মাসিস্টের সঙ্গে ড. কিম কাজ করবেন।
কোম্পানিটি বলেছে, এই সহযোগিতার মাধ্যমে তাদের আরঅ্যান্ডডি দল আরও দক্ষ হয়ে উঠবে এবং উন্নত প্রসাধনী ফর্মুলেশন ও পণ্য উন্নয়নে স্থানীয় সক্ষমতা বাড়বে। স্কিন’ও-এর পাশাপাশি কসল্যাব ইনসেই, ডেইলি বাথ ও ইনবিউটি ব্র্যান্ডের জন্য গবেষণা ও উৎপাদন কার্যক্রম পরিচালনা করে। কসল্যাবের লক্ষ্য, দেশে প্রযুক্তিনির্ভর প্রসাধনী পণ্যের উন্নয়ন করা এবং ধীরে ধীরে আন্তর্জাতিক বাজারে সম্প্রসারিত হওয়া।