ফিফা সভাপতি হিসেবে আরেক মেয়াদে থাকার লড়াইয়ে বড় ধাক্কা খেলেন জিয়ান্নি ইনফান্তিনো। এবার তার প্রার্থিতা থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে তার দেশ সুইজারল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এসএফভি)। চলতি বছরের জুনে সমর্থন দেয়ার পর মাত্র কয়েক মাসের ব্যবধানে অবস্থান বদলাল সংস্থাটি।
জুলাইয়ে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব দিয়ে সমালোচনার মুখে পড়েন ইনফান্তিনো। তিন মহাদেশীয় কনফেডারেশনের বিরোধিতার মুখে শেষ পর্যন্ত সেই প্রস্তাব বাতিল করতে বাধ্য হন তিনি। এ ঘটনায় ৩০শে জুলাই সবার আগে ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করে ফিনল্যান্ড। এরপর একে একে ওয়েলস ও সার্বিয়া, ইংল্যান্ড, ইতালি (এফআইজিসি) এবং সম্প্রতি ১০ই সেপ্টেম্বর ফ্রান্সও তার প্রার্থিতা থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়। ফরাসি ফুটবল ফেডারেশন তাদের বিবৃতিতে বলে, ‘জুন মাসে সমর্থন দেওয়ার শর্তগুলো এখন আর পূরণ হচ্ছে না। ফিফার সুশাসন ও সভাপতিকে সরাসরি জড়িয়ে একের পর এক ঘটনা ফুটবলের ঐক্য ও ভাবমূর্তিতে গুরুতর আঘাত হেনেছে।’ চলতি সপ্তাহে বৈঠকে ইনফান্তিনোর প্রার্থিতায় সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় এসএফভির কেন্দ্রীয় কমিটি। গত বুধবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘জুন ২০২৬-এ জিয়ান্নি ইনফান্তিনোর আরও এক মেয়াদে ফিফা সভাপতি পদে প্রার্থিতার প্রতি যে সমর্থন ঘোষণা করা হয়েছিল, তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ এসএফভি আরও বলেছে, ‘গত কয়েক মাসের বিভিন্ন ঘটনাপ্রবাহ বিস্তৃতভাবে পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসএফভির দৃষ্টিতে, সাম্প্রতিক বেশ কিছু ঘটনা ফিফার নেতৃত্ব, সুশাসন, স্বচ্ছতা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে মৌলিক প্রশ্নের জন্ম দিয়েছে।’ এসএফভির সভাপতি পিটার ক্নাবেল বলেন, ‘এই প্রস্তাবের পটভূমি, দায়িত্ব বণ্টন এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের এখনো উত্তর পাওয়া যায়নি।’
ইনফান্তিনোর ওপর চাপ বাড়িয়েছে উয়েফাও। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি এক চিঠিতে গুরুতর সন্দেহ প্রকাশ করেছে যে ইনফান্তিনো ও তার ব্যবসায়িক অংশীদাররা প্রমাণ নষ্ট করার চেষ্টা করছেন কি না। তবে সব জায়গায় যে তিনি সমর্থন হারাচ্ছেন তা নয়। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা বেসরকারি বিনিয়োগ প্রস্তাবের বিরোধিতা করলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগস্টে প্রকাশ্যে ইনফান্তিনোর পক্ষে সমর্থন জানান।
২০২৭ সালের ১৮ই মার্চ মরক্কোর রাবাতে অনুষ্ঠিতব্য ৭৭তম ফিফা কংগ্রেসে হবে পরবর্তী সভাপতি নির্বাচন। সেখানে চতুর্থ মেয়াদের জন্য প্রার্থী হওয়ার কথা রয়েছে ইনফান্তিনোর। যিনি ২০১৯ ও ২০২৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়ন জমা দেয়ার শেষ সময় আগামী ১৮ই নভেম্বর।
