দ্বন্দ্ব স্বীকারের পর পর্তুগালের ক্যাম্প ছাড়লেন রোনালদো

দ্বন্দ্ব স্বীকারের পর পর্তুগালের ক্যাম্প ছাড়লেন রোনালদো

ফন্ট সাইজ:

পর্তুগাল ফুটবল দলের হেড কোচ জর্জ জেসুসের সঙ্গে দ্বন্দ্বের জেরে জাতীয় দলের ক্যাম্প ছেড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ডেনমার্কের বিপক্ষে নেশনস লীগের ম্যাচের ২৪ ঘন্টা আগে এ ঘটনা আলোচনার ঝড় তুলেছে। পর্তুগালের কোচ দুজনের মধ্যে দ্বন্দ্বের কথা স্বীকার করার পর পর্তুগালের অনুশীলন ক্যাম্প ছাড়েন ৪১ বছর বয়সী পর্তুগিজ কিংবদন্তি। রয়টার্সের প্রতিবেদনে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।



রোনালদো ইনস্টাগ্রামে জানান, কোচের সংবাদ সম্মেলন এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) সভাপতি পেদ্রো প্রোয়েঙ্কার সঙ্গে কথা বলার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। রোনালদো লেখেন, ‘জাতীয় দলের কোচের সংবাদ সম্মেলনের পর এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা বলার পর, আমি জাতীয় দলের অনুশীলন ক্যাম্প ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যথাসময়ে আমি পর্তুগালের সব মানুষকে আমার দল ছাড়ার পেছনের আসল কারণ জানাবো, যার প্রতি আমি সবসময় শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। এখন সময় পর্তুগাল ও আমার সব সতীর্থের, ব্যতিক্রম ছাড়াই, শুভকামনা জানানোর।’ এফপিএফ রোনালদোর ক্যাম্প ছাড়ার বিষয়টি নিশ্চিত করলেও জানায়, বাকি ২৪ জন খেলোয়াড়কে নিয়ে ডেনমার্ক ও নরওয়ে ম্যাচের প্রস্তুতি পরিকল্পনামতোই এগোবে।



বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর রবার্তো মার্টিনেজের স্থলাভিষিক্ত হন জেসুস। দায়িত্ব নেয়ার পর এখন পর্যন্ত পর্তুগালের দুটি ম্যাচে ডাগআউটে কোচের দায়িত্ব পালন করেছেন। একাধিক পর্তুগিজ গণমাধ্যম জানিয়েছে, জেসুস সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষ করার কয়েক মিনিটের মধ্যেই পার্কেন স্টেডিয়াম ছেড়ে যান রোনালদো। পর্তুগিজ সংবাদপত্র আ বোলা এমন একটি ভিডিও প্রকাশ করেছে, যাতে দেখা যায় হেসুস রোনালদোকে অনুশীলনে অংশ নেয়ার কথা বলার পরপর তাকে এফপিএফের গাড়িতে স্টেডিয়াম ছাড়তে দেখা যাচ্ছে। এ ঘটনা ঘটার আগে সংবাদ সম্মেলনে রোনালদোর অনুশীলন বর্জনের গুঞ্জন উড়িয়ে দেন জেসুস। তিনি বলেন, ‘সে প্রত্যাখ্যান করেনি। সে আজ অনুশীলন করবে। এটা চতুর্থ দিন, তাই সে অনুশীলন করবে। আর সে অনুশীলন করতে অস্বীকারও করেনি। এটা অসম্ভব। আপনারা কি তা বিশ্বাস করেন? ক্রিস তা করতে পারে না।’ দ্বন্দ্বের কথা অস্বীকার করলেও রোনালদোর সঙ্গে কথা বলার বিষয়টি স্বীকার করেন হেসুস। তিনি বলেন, ‘তারা আমাকে এমন একটি বিষয় নিয়ে ক্রিসের সঙ্গে কথা বলতে বাধ্য করেছে, যার আদৌ অস্তিত্ব ছিল না। কথা বলার মতো কিছুই ছিল না। সে বলেছিল, আমি এখানে আছি আপনার সিদ্ধান্তের জন্য। আপনি চাইলে আমি খেলবো, আপনি চাইলে গ্যালারিতে যাবো।’ গত রোববার অ্যাওয়ে ম্যাচে নরওয়ের বিপক্ষে রোনালদোকে মাঠে নামাননি জেসুস। এরপর ইনজুরি না থাকা সত্ত্বেও সোম ও মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন না করে জিমে সময় কাটান রোনালদো। এ প্রসঙ্গে হেসুস বলেন, ‘রোনালদো আমার ওপর ক্ষুব্ধ ছিল, তবে আমার দিক থেকে সেটা অতীত হয়ে গেছে।’ পর্তুগালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (১৪৬ গোল) এবং সর্বাধিক ম্যাচ খেলা (২৩৪) খেলোয়াড় রোনালদো গত সপ্তাহেই বলেছিলেন, বছরের পর বছর ধরে গণমাধ্যম তাকে ‘মেরে ফেলার’ চেষ্টা করছে, আর কোচ তাকে দলে না চাইলে তিনি ‘আজই’ ছেড়ে যেতে পারেন।

​