মেজর সকার লীগে (এমএলএস) সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার পেলেন কাভান সুলিভান। বাংলাদেশি বংশোদ্ভূত এ মার্কিন ফুটবলারকে সেপ্টেম্বর মাসের সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত করে এমএলএস কর্তৃপক্ষ। ফিলাডেলফিয়া ইউনিয়নের মিডফিল্ডারের দায়িত্ব পালন করা কাভান মাত্র ১৭ বছর ২ দিন বয়সে মাস সেরার পুরস্কার পেলেন। এর আগে ২০২০ সালের আগস্টে ২০ বছর ৯৮ দিন বয়সে এই কীর্তি গড়েন অরল্যান্ডো সিটির স্ট্রাইকার ড্যারিল ডিক।
গত সেপ্টেম্বরে ফিলাডেলফিয়া ইউনিয়ন টানা পাঁচ ম্যাচের জয়ের দেখা পায়। যার সবকটিতে কাভান সুলিভানের বড় ভূমিকা ছিল। এ মাসে এমএলএসে সর্বোচ্চ ৯টি গোল অবদান (গোল ও অ্যাসিস্ট মিলিয়ে) রাখেন এই তরুণ সেনসেশন। এর মধ্যে ৫টি অ্যাসিস্ট ও ৪টি গোল। টানা আট ম্যাচে গোল বা অ্যাসিস্ট করার এক রেকর্ডও গড়েন কাভান। চলতি মৌসুমে ২৪ ম্যাচে ১,৪৫০ মিনিট মাঠে থেকে ৭ গোল ও ১২ অ্যাসিস্ট করেন তিনি। ১৯টি গোল অবদানের রেকর্ডটি এমএলএসের এক মৌসুমে কোনো কিশোরের যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। তার সঙ্গী আলফোনসো ডেভিস (২০১৮)। এর আগে গত ২০২৪ সালের ১৭ই জুলাই নিউ ইংল্যান্ড রেভোলিউশনের বিপক্ষে মাঠে নেমে উত্তর আমেরিকার পেশাদার দলীয় খেলার ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষিক্ত হন কাভান সুলিভান। তখন তার বয়স ছিল মাত্র ১৪ বছর ২৯৩ দিন।
