প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মানুষই আগ্রহী বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। গতকাল মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জানতে চাইলে ত্রিবেদী বলেন, আমি কূটনীতিক নই। তাই এ বিষয়ে হয়তো অনেক কথা বলতে পারি। দুই দেশেরই এখানে একটি স্বার্থ রয়েছে। যখন প্রধানমন্ত্রীর সফরের কথা হয়, তখন দুই দেশের মানুষই উচ্ছ্বসিত হয়। এর অর্থ কী? এর অর্থ হলো, এটি একটি ভালো খবর। তিনি বলেন, আমি রাজনৈতিক মানুষের কথা বলছি না, সরকারের কথাও বলছি না। সাধারণ মানুষ এটি চায়। এ কারণেই এটি সংবাদ হচ্ছে। তা না হলে এটি সংবাদ কেন হবে?
ত্রিবেদী বলেন, পরিবেশ অত্যন্ত ইতিবাচক। দুই প্রধানমন্ত্রীকে তাদের সুবিধাজনক সময় দিতে হবে। এটা নিশ্চিত যেকোনো একসময় দুই সার্বভৌম ও স্বাধীন দেশের দুই নেতা পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করবেন।
দুই দেশের মধ্যে চ্যালেঞ্জ থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, কোনো সমস্যা থাকবে না, এমনটা নয়। কিছু চ্যালেঞ্জ থাকবে। আমরা যদি মনে করি কোনো চ্যালেঞ্জ নেই, তাহলে সেটা ভুল। তবে দুই নেতা যখন বসবেন, এমন কোনো প্রশ্ন নেই যার শতভাগ সমাধান পাওয়া যাবে না।
তিনি বলেন, তাই দুই নেতা এবং দুই দেশকে সুবিধাজনক সময় দিতে হবে। সঠিক সময়ে সবকিছু হবে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দুই দেশের মানুষই চায় নেতারা সাক্ষাৎ করুন এবং সম্পর্ক এগিয়ে যাক।
