নয়া চমক নিয়ে সুইফ্ট

নয়া চমক নিয়ে সুইফ্ট

ফন্ট সাইজ:

এমটিভি ভিএমএ’র মঞ্চে প্রথম ঝলক দেখানোর পর থেকেই টেইলর সুইফটের ‘পেশেন্ট জিরো’ ঘিরে ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে। এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ইউটিউবে প্রকাশ পেলো গানটির মিউজিক ভিডিও। মঙ্গলবার সন্ধ্যায় ভিডিওটি সবার জন্য উন্মুক্ত করা হয়। এর আগে স্পটিফাই প্রিমিয়াম, অ্যাপল মিউজিক ও অ্যামাজন মিউজিকে সীমাবদ্ধ ছিল এটি। ভিডিওতে সুইফটের সঙ্গে অভিনয় করেছেন— হলিউডের পরিচিত মুখ ডাকোটা জনসন, কলিন ফ্যারেল, ম্যাথিউ স্টাফোর্ড ও কেলি স্টাফোর্ড। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন অস্কারজয়ী চিত্রগ্রাহক এমানুয়েল চিভো লুবেজকি। চমকে ভরপুর ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ পোস্টে এর পেছনের নানা অভিজ্ঞতা তুলে ধরেছেন সুইফ্ট।

চিভোর সঙ্গে কাজের অভিজ্ঞতাকে ‘স্বপ্নময়’ উল্লেখ করে তার কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে বলে জানান তিনি। সহশিল্পী ডাকোটা জনসনের সঙ্গেও শুটিংয়ের নানা স্মৃতি ভাগ করে নিয়েছেন সুইফ্ট। একই ধরনের পোশাক পরে সময় কাটানো ও হাসি-ঠাট্টার কথাও উল্লেখ করেন তিনি। ভিডিওতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন কলিন ফ্যারেল। তার অভিনয়ের প্রশংসা করে সুইফ্ট বলেন, বাস্তব জীবনে অমায়িক একজন মানুষ পর্দায় দুর্দান্ত খলনায়ক হয়ে উঠেছেন। মিউজিক ভিডিওতে থাকা পুরনো একটি বাড়িও বিশেষ তাৎপর্য বহন করে। সুইফটের ভাষ্য অনুযায়ী, বাড়িটি মøান ও ক্ষয়ে যাওয়া একটি সম্পর্কের জমে থাকা শীতলতার প্রতীক। পরাবাস্তব আবহ তৈরিতে প্রোডাকশন ডিজাইনার ইথান টবম্যান ও সম্পাদক চ্যানক্লার হেইন্সের অবদানও তুলে ধরেছেন তিনি।